হজের প্রাক-নিবন্ধন শুরু


ঢাকাঃ ২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন কার্যক্রম। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে পরবর্তী কার্যক্রম সময়মতো শেষ করা যায়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের পবিত্র হজ।








